বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তাঁরা সড়কে অবস্থান নেন।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকেরা মিরপুর ১০ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক 





















