বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবাদাতাদের মধ্যে আরও জনপ্রিয় করতে ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হওয়া ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআর লেনদেনের বিপরীতে একোয়্যারিং প্রতিষ্ঠান ০.১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ০.২০ শতাংশ হারে প্রণোদনা পাবে।
ব্যক্তিগত খুচরা হিসাবের (পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট) মাধ্যমে যুক্ত হওয়া ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা ও সেবাদাতা এবং বৈধ ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টদের মাধ্যমে করা লেনদেনের বিপরীতে এ প্রণোদনা মাসিক ভিত্তিতে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের ব্যবহার বাড়াতে চলতি বছরের ১০ আগস্ট জারি করা আগের একটি বিজ্ঞপ্তিতে প্রকাশিত সংশ্লিষ্ট বিধানটি প্রতিস্থাপন করে নতুন এ নিয়ম চালু করা হয়েছে।
এতে বলা হয়েছে, আগের বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।
Md Sadikul islam (shopnil) 
























