দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক সাদমান সাকিব দীপ্রকে ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার দিয়েছেন তাঁর মা জাকিয়া সুলতানা। জাকিয়া সুলতানা কোম্পানিটির একজন সাধারণ শেয়ারহোল্ডার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গত ১৫ সেপ্টেম্বর দেওয়া ঘোষণার ধারাবাহিকতায় এই শেয়ার উপহার দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ডিএসইকে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
ডিএসইর ঘোষণায় বলা হয়, সাদমান সাকিব দীপ্র তাঁর মা জাকিয়া সুলতানার কাছ থেকে উপহার হিসেবে ১ হাজার ৭৫৩টি শেয়ার পেয়েছেন। লেনদেনটি এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন হয়েছে। অর্থাৎ শেয়ারগুলো বাজারে কেনাবেচার মাধ্যমে নয়, উপহার হিসেবে মালিকানা হস্তান্তরের মাধ্যমে পরিচালক সাদমান সাকিব দীপ্রের নামে এসেছে।
এদিকে আজ (২০ সেপ্টেম্বর) কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরের লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড ডেট নির্ধারিত ছিল। অর্থাৎ এদিন যাঁদের নামে কোম্পানিটির শেয়ার ছিল, তাঁরাই প্রস্তাবিত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য হবেন। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ওয়ালটনের পরিচালনা পর্ষদ ১৮০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। আগামী ১৫ অক্টোবর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে ওয়ালটনের ব্যবসায়ও উন্নতি হয়েছে। বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৭৫ পয়সা, যা আগের অর্থবছরের ৩১ টাকা ১১ পয়সার চেয়ে বেশি। শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে হয়েছে ৬৩ টাকা ৭২ পয়সা, আগের বছর যা ছিল ৫২ টাকা ৯১ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) পুনর্মূল্যায়নসহ ৩৮১ টাকা ২৬ পয়সা এবং পুনর্মূল্যায়ন ছাড়া ২৮০ টাকা ২৪ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটির নিট মুনাফা ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ১ হাজার ১২৪ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছরের ১ হাজার ৩৬ কোটি ৬২ লাখ টাকার তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ বেশি। বিক্রয়ও ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রায় ৭ হাজার ৪০৪ কোটি টাকা হয়েছে। মুনাফা বাড়ার অন্যতম কারণ ছিল অর্থায়ন ব্যয় কমে যাওয়া। এক বছরে কোম্পানিটির অর্থায়ন ব্যয় ২৬৭ কোটি ২৬ লাখ টাকা বা প্রায় ৬০ শতাংশ কমেছে।
সর্বশেষ বাজারতথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর লেনদেন শেষে ডিএসইতে ওয়ালটনের শেয়ারের দাম ছিল ৩৯৪ টাকা ৬০ পয়সা। ওই দিন শেয়ারটির দর ৫০ পয়সা বা শূন্য দশমিক ১৩ শতাংশ বেড়েছিল।
ডিএসইর সর্বশেষ প্রকাশিত শেয়ারধারণের তথ্য অনুযায়ী, ৩১ আগস্ট ২০২৬ শেষে ওয়ালটনের উদ্যোক্তা-পরিচালকদের হাতে ছিল ৭১ দশমিক ০৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১ দশমিক ০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ছিল ২৭ দশমিক ৮৪ শতাংশ শেয়ার। বিদেশি বিনিয়োগকারীদের হাতে ছিল শূন্য দশমিক ৩ শতাংশ শেয়ার।
Md Sadikul islam (shopnil) 























