যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই বিশাল একটি গ্যাসের খনির সন্ধান পেয়েছে ইরান। নতুন আবিষ্কৃত ওই খনিতে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট বা ২১২ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার গ্যাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফার্সে এই গ্যাসের খনির সন্ধান মিলেছে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ।
সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন খনিতে পাওয়া গ্যাসে হাইড্রোজেন সালফাইড ও অন্যান্য অপ্রয়োজনীয় উপাদানের মাত্রা তুলনামূলকভাবে কম। ফলে খনিটি থেকে গ্যাস উত্তোলন তুলনামূলক সহজ ও সাশ্রয়ী হবে।
জ্বালানি তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসেও সমৃদ্ধ ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর আগে দেশটির গ্যাসক্ষেত্রগুলো থেকে প্রতিদিন ৬৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস উত্তোলন করা হতো।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া আরেক সাক্ষাৎকারে মোহসেন পাকনেজাদ জানান, নতুন আবিষ্কৃত খনিটি থেকে সম্পূর্ণ গ্যাস উত্তোলন করা সম্ভব হবে না। ২১২ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার গ্যাসের মধ্যে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ১৬০ বিলিয়ন ঘনমিটারের বেশি।
এমন এক সময়ে ইরানে এই গ্যাসের খনির সন্ধান মিলল, যখন মার্কিন বাহিনীর একের পর এক হামলায় দেশটির তেল ও গ্যাসশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এর ফলে গ্যাসের দৈনিক উত্তোলন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
ইরানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত জুলাইয়ে দেশটি প্রতিদিন গড়ে মাত্র ২৩০ মিলিয়ন ঘনমিটার গ্যাস উত্তোলন করতে পেরেছে।
সূত্র: ব্লুমবার্গ, এনডিটিভি
উদ্যোক্তা ডেস্ক 























