ভারতের সবচেয়ে পুরোনো ও বৃহত্তম চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ (আইএফএফআই) অনুষ্ঠিত হয় গোয়ায়। আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে উৎসবটির ৫৭তম আসর। এবারের আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি জায়গা করে নিয়েছে উৎসবের ‘এমার্জিং ফিল্মমেকারস’ বিভাগে।
গতকাল রোববার (১ নভেম্বর) এ বিভাগের নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করেছে উৎসব কর্তৃপক্ষ।
তালিকায় ‘রইদ’ ছাড়াও রয়েছে ভ্যালেন্তিনা মরেলের ‘ফরএভার ইউর ম্যাটারনাল এনিম্যাল’, আরভিন বেলারমিনোর ‘রিয়া’, কনস্তান্তিনা কতজামানির ‘টাইটানিক ওশান’, জেলেনা মাক্সিমোভিচের ‘আনটিল দ্য ডে এন্ডস’, রিড ভ্যান ডিকের ‘অ্যাটনমেন্ট’, রাফিকি ফারিয়ালার ‘কঙ্গো বয়’, পি আর মনেচিল্লো পাতিন্দোলের ‘আই গ্রিউ অ্যান ইঞ্চ হোয়েন মাই ফাদার ডাইড’ এবং জেনিস লেনজের ‘ওয়াসিস’।
এ বিভাগে নির্বাচিত সিনেমাগুলো সম্পর্কে উৎসব কর্তৃপক্ষের বক্তব্য, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় ও দূরদর্শী তরুণ নির্মাতাদের স্বাধীন ও শক্তিশালী দৃষ্টিভঙ্গিতে ভৌগোলিক সীমানা পেরিয়ে নতুন মাত্রা পাচ্ছে সিনেমা। যেসব সাহসী ও প্রতিশ্রুতিশীল নির্মাতা সমসাময়িক বিশ্ব চলচ্চিত্রের আবেগের গভীরতা, নান্দনিক বৈচিত্র্য ও প্রকাশভঙ্গিতে নতুন সংজ্ঞা যোগ করছেন, তাঁদেরকে আমাদের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি।’
এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে ‘রইদ’। অক্টোবরের প্রথম সপ্তাহে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একসঙ্গে তিনটি পুরস্কার জেতে সিনেমাটি। সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীত বিভাগে পুরস্কৃত হয় ‘রইদ’।
সিনেমাটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে। গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ব্যবসায়িক সাফল্যও পেয়েছে সিনেমাটি।
নিজস্ব প্রতিবেদক 














